শহীদ আলিফ চত্বর নামে হবে কোতোয়ালী থানার মোড় : ডা. শাহাদাত

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার মোড় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চত্বর হিসেবে নামকরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

একই অনুষ্ঠানে আইনজীবী সমিতির হেলথ সেন্টারের জন্য সিটি করপোরেশনের অর্থায়নে একজন মেডিকেল কর্মকর্তা নিয়োগ দেওয়ারও ঘোষণা দেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার দুই বছর পার হলেও এখনো বিচার হয়নি।

একজন তরুণ আইনজীবীকে এভাবে নৃশংসভাবে হত্যা শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো আইনজীবী সমাজ ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান বলেন, শহীদের রক্ত যে মাটিতে পড়ে, সেই মাটি উর্বর হয়।

শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্ত দেশের মানুষকে রক্ষার প্রেরণা জুগিয়েছে। সীমান্তের ওপার থেকে এখনো খুনিরা উসকানি দিচ্ছে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। শহীদ আলিফ হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি জানাই।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন, বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ এনামুল হক ও আবদুস সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। স্মরণসভায় জেলা জিপি মোহাম্মদ কাশেম চৌধুরী, সমিতির সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলীসহ কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বাদ জোহর কোর্টহিল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আইনজীবী অডিটোরিয়ামে স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।