পার্বত্য মন্ত্রীর আহ্বান পাহাড়ের উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা

রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। ছবি : বাসস

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অঞ্চলটিকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

তিনি বলেছেন, উন্নয়নের প্রতিটি টাকা যেন মানুষের কল্যাণে ব্যয় হয় এবং প্রকল্পের কাজ বাস্তবে দৃশ্যমান হয়, তা নিশ্চিত করতে হবে। অতীতে মাটি কাটা ও জঙ্গল পরিষ্কারের মতো প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হলেও অনেক ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এ অবস্থার পরিবর্তন চায়।

আজ রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কাপ্তাই লেকের নাব্যতা ফিরিয়ে আনা, লেকের পানি দূষণমুক্ত রাখা এবং ভাসমান বসতবাড়ির বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। কাপ্তাই লেক এ অঞ্চলের জন্য আশীর্বাদ না অভিশাপ হবে, তা নির্ভর করছে এর সঠিক ব্যবস্থাপনার ওপর।

তিনি বলেন, লেকের পরিবেশ ও পানির গুণগত মান রক্ষা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে এটি পাহাড়ের অর্থনীতি ও পর্যটনের অন্যতম সম্পদ হয়ে উঠবে।

পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণের কথা জানিয়ে সাচিং প্রু বলেন, রাঙ্গামাটি, বান্দরবানের থানচি ও লামা এবং কক্সবাজার-টেকনাফ সমুদ্রসৈকতকে সংযুক্ত করে একটি পর্যটন রুট গড়ে তোলা যেতে পারে। এতে দেশি-বিদেশি পর্যটকরা একই ভ্রমণে পাহাড়ের জীববৈচিত্র্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, স্থানীয় ফলমূল ও খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন।

পর্যটন সংশ্লিষ্ট হোটেল ও পরিবহন খাতে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পর্যটকদের সঙ্গে শালীন ও আন্তরিক আচরণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

যুবকদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের তরুণদের ফ্রিল্যান্সিংসহ আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। এতে তারা স্থানীয়ভাবে বসেই দেশ-বিদেশের কর্মবাজারে যুক্ত হতে পারবেন।

তিনি পাহাড়ের অর্থনৈতিক রূপান্তরে প্রথাগত ফসলের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও উচ্চমূল্যের কৃষিপণ্য উৎপাদনের আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি কফি ও কাজুবাদাম চাষের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, পাহাড়ে ৮০ থেকে ৯০ বছর স্থায়ী কফি এবং ৪০ থেকে ৫০ বছর স্থায়ী কাজুবাদাম চাষের সুযোগ রয়েছে। দেশে কফির ব্যাপক চাহিদা থাকায় এ ধরনের ফসল পাহাড়ের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এ বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। তবে বিগত সময়ে বোর্ডটি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। এটিকে আবারও জনকল্যাণমুখী ধারায় ফিরিয়ে আনা হবে।

মন্ত্রী আরও বলেন, পাহাড় ও সমতলের মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের আয়কর সংক্রান্ত যৌক্তিক বিষয়গুলোও সরকার বিবেচনায় নিয়েছে। উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে তদারকি করতে তিনি প্রতি দুই থেকে তিন মাস অন্তর রাঙ্গামাটি সফর করবেন।

দুর্গম পাহাড়ি ও সীমান্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্স সংকট নিরসনে মন্ত্রণালয় কাজ করছে। মাদক ও অবৈধ পপি চাষ নির্মূলে স্থানীয় হেডম্যান, কারবারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ কাজে তথ্যদাতাদের পুরস্কৃত করার উদ্যোগও নেওয়া হবে।

এ সময় সীমান্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মাদক নির্মূলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করেন তিনি।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন মন্ত্রী।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ নাসিমুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী পারভেজ সরওয়ার, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা শিক্ষা কর্মকর্তা সুরিত চাকমা, পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক।