চট্টগ্রাম, ২৬ নভেম্বর, ২০২৬ : নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটিকর্পোরেশন (চসিক)। এই অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউরী ও নূর আহমদ সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সোয়েব উদ্দিন খান অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে সংশ্লিষ্ট এলাকাগুলোর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা নয়টি দোকান, নয়টি গ্যাস সিলিন্ডার ও দুইটি লোহার বক্স জব্দ করা হয়।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

