চট্টগ্রাম: আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ ছাত্রী মিফতাহুল জান্নাত দিলশাত (১৯) মারা গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতদিন পর তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন।
নিহত মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের বাসিন্দা।
তাঁর বাবা মৃত আনিসুজ্জামান ও মা রিজিয়া বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়।পড়াশোনার কারণে মাঝেমধ্যে তিনি আনোয়ারার উত্তর চাতরী এলাকায় নানার বাড়িতে থাকতেন।
তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হন। স্নাতকে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহতের মামা হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সাতদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
তিনি বলেন, দুর্ঘটনার পর চিকিৎসার পেছনে পরিবারের প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু অভিযুক্ত মোটরসাইকেলচালক একবারও হাসপাতালে এসে তাঁর ভাগনির খোঁজ নেননি। মিফতাহুলের বাবা নেই। অনেক কষ্টে তাঁকে বড় করা হয়েছিল।
সোমবার আসরের নামাজের পর পটিয়ায় গ্রামের বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো স্বজনরা কোনো অভিযোগ বা মামলা করেননি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


