চট্টগ্রাম: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা ও প্রতিভা বিকাশ এবং তাদের খেলাধুলায় উৎসাহিত করতে চট্টগ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কোন ক্ষেত্রে বেশি মেধা রয়েছে এবং তারা কোন বিষয়ে এগিয়ে যেতে চায়, তা বিবেচনায় নিয়ে অভিভাবকদের পরামর্শ অনুযায়ী তাদের পরিচালিত করতে হবে।
তাহলে এ ধরনের আয়োজন সার্থক হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখবে এবং সমাজের অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে।
এ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় তিনি জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।
প্রতিযোগিতায় নগরীর অটিজম শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়াস ও প্রেরণার অর্ধশতাধিক শিক্ষার্থী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা একক সংগীত এবং একক ও দলীয় নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


