বর্জ্যকে সম্পদে রূপ দিয়ে সবুজ শিল্পের স্বপ্ন দেখছেন চট্টগ্রামের আলভি

চট্টগ্রাম: বর্জ্যের আড়ালে লুকিয়ে থাকা সম্ভাবনাকে শিল্পের সম্পদে রূপ দিয়েছেন চট্টগ্রামের তরুণ প্রকৌশলী ও উদ্যোক্তা হামিদ হাসান আলভি। তাঁর হাত ধরে পরিবেশ রক্ষা আর বৈদেশিক মুদ্রা অর্জনের স্বপ্ন মিলেছে একই মোহনায়।

সবুজ শিল্পায়নে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হামিদ হাসান আলভি অর্জন করেছেন ‘বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস’ পুরস্কার।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

জাতীয় সম্মাননা পেয়ে আবেগাপ্লুত আলভি এই অর্জন উৎসর্গ করেছেন প্রতিষ্ঠানের কর্মী ও মাঠপর্যায়ে বোতল সংগ্রহকারী শ্রমিকদের।

সবুজ শিল্পের বিকাশে অর্থায়ন ও নীতি সহায়তার গুরুত্ব তুলে ধরে পাশে থাকার জন্য এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতাও জানান তিনি।

জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের সন্তান আলভি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন।

এরপর শুরু করেন অদম্য এক লড়াই। যে লড়াই পরিবেশ বাঁচানোর, যে লড়াই নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের।

যেখানে অন্যরা দেখেছেন পরিত্যক্ত আবর্জনা, সেখানে আলভি খুঁজেছেন সম্ভাবনার সোনালি রেখা। তাঁর এই অর্জন কেবল একজন উদ্যোক্তার সাফল্য নয়, বরং সবুজ শিল্পায়নে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এক উজ্জ্বল বার্তা। যে প্লাস্টিকের বোতল একসময় নদীর বুকে ভাসত, খালের পানিতে জমে থাকত কিংবা পথের ধারে আবর্জনা হয়ে পড়ে থাকত, সেই বোতলই আজ পাড়ি জমাচ্ছে ইউরোপের শিল্পকারখানায়।

সীতাকুণ্ডে প্রায় দুই লাখ বর্গফুট জায়গাজুড়ে গড়ে ওঠা পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ যেন ফেলে দেওয়া প্লাস্টিকের নতুন জীবন ফিরে পাওয়ার ঠিকানা। পাঁচ বছর ধরে এখানে আধুনিক হট-ওয়াশ প্রযুক্তিতে ব্যবহৃত পিইটি বোতল প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের রিসাইকেলড পিইটি (আরপিইটি) ফ্লেক্স।

এসব কাঁচামাল পৌঁছে যাচ্ছে স্পেন, ইতালি, জার্মানি, লিথুয়ানিয়া ও বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে। বছরে প্রায় ১৪ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতার এই কারখানায় কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের।

শুধু বর্জ্য পুনর্ব্যবহার নয়, প্রকৃতির প্রতি দায়বদ্ধতাও রয়েছে উৎপাদনের প্রতিটি ধাপে। কারখানায় ব্যবহার হচ্ছে ২৪০ কিলোওয়াট-পিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা, পানি পুনর্ব্যবহারে ক্লোজড-লুপ প্রযুক্তি ও বিকল্প বায়োমাস জ্বালানি। প্রতিষ্ঠানটি অর্জন করেছে প্লাস্টিক রিসাইক্লিং-সংক্রান্ত ইউরোপীয় আন্তর্জাতিক মানের সনদ।