চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী বলেছেন, বিএনপির ইতিহাস দীর্ঘ আন্দোলনের ইতিহাস। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই। বাংলাদেশের মাটিতে ফেব্রুয়ারির নির্বাচন হবেই হবে। এই নির্বাচন সফল করাই আমাদের মূল প্রেরণা।
তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়া আসন পুনরুদ্ধার হবেই হবে। এ আসন বিএনপির আসন। আমরা রাজাকারের বংশধর নই, আমরা দেশপ্রেমিক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও বেগবান করবে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি সফল করার লক্ষ্যে ২৯ আগস্ট রাতে লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে ও সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী ও মো. সালাউদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ।
সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
