উখিয়ার বালুখালিতে স্থলবন্দর গড়ে তোলা হবে : শাহজাহান চৌধুরী

জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, তরুণদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। এই তরুণরা বুকের রক্ত বিলিয়ে দিয়ে এবং নিজেদের জীবন উৎসর্গ করে বিশ্বকে দেখিয়েছে আওয়ামী লীগ সরকারের পতন।
সাবেক হুইপ শাহজাহান চৌধুরি তরুণ ভোটারদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। যে দল দেশকে শান্তিতে রাখতে পারে, সীমান্ত ও রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে দৃঢ় ভূমিকা রাখতে পারে তোমরা সেই দলকেই ভোট দেবে। আমি বিশ্বাস করি, তরুণদের প্রথম ভোট ধানের শীষেই যাবে।

গতকাল সোমবার উখিয়ার পালংখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ১ ও ২ নম্বর ওয়ার্ডের তরুণ ভোটারদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিকেলে বালুখালি কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় শাহাজান চৌধুরী আরো বলেন, টেকনাফে স্থলবন্দর হয়েছে। বিএনপি আবার ক্ষমতায় এলে উখিয়ার বালুখালিতে স্থলবন্দর গড়ে তোলা হবে। এ এলাকার তরুণদের জন্য নির্মাণ করা হবে আধুনিক খেলার মাঠ। একদিন উখিয়া-টেকনাফ হয়ে উঠবে চট্টগ্রামের মতো আধুনিক ও উন্নত অঞ্চল।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক, পালংখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরী। এ সময় বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী অংক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।