চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
রোববার (২২ নভেম্বর) বিকেলে নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে পরিচ্ছন্নতা বিভাগ, প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর উন্নয়ন কোনো একটি বিভাগের একক দায়িত্ব নয়। প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় নিশ্চিত করতে হবে। নগরবাসী যাতে উন্নয়ন কার্যক্রমের সুফল পায়, সেজন্য মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়নে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। আমরা নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি। কিন্তু কোথাও ময়লা জমে থাকবে, কোথাও ফুটপাত দখল হয়ে যাবে, কোথাও উন্নয়নকাজ অসমাপ্ত পড়ে থাকবে- এটা গ্রহণযোগ্য নয়। আমি চাই প্রতিটি বিভাগ নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক এবং কাজের মাধ্যমে নগরবাসীর কাছে তার ফলাফল তুলে ধরুক। শুধু পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, পরিকল্পনার বাস্তবায়ন ও নিয়মিত তদারকিও নিশ্চিত করতে হবে।
সভায় নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল এবং উচ্ছেদের পর পুনরায় দখল হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন চসিক প্রশাসক। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ভাসমান দোকানের কারণে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং যানজট সৃষ্টি হয়।
সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।


