‘একোয়ার নলেজ’ চট্টগ্রাম কলেজে পুননির্মাণের ভিত্তি স্থাপন

চট্টগ্রাম: ১৫৭ বছরের পুরোনো, ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের ধ্বংসকৃত ‘একোয়ার নলেজ’ তথা ‘একে’ গেইটের পুননির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে।

চট্টগ্রাম কলেজের সাবেক ছাত্র ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে শনিবার (২১ নভেম্বর) কলেজের মূল ফটকে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।

চট্টগ্রাম কলেজ ঐতিহ্য সংরক্ষণ পরিষদ আয়োজিত ফলক উন্মোচনের আনুষ্ঠানিকতার আগে চট্টগ্রাম কলেজ শিক্ষক মিলনায়তনে পরিষদের আহ্বায়ক ডা. কিউএম অহিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

প্রধান আলোচক ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান ও চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলী আহমেদ।অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন, কলেজের সাবেক অধ্যক্ষ মো. একে ফজলুল হক, অধ্যাপক চৌধুরী মঞ্জরুল হক ও সিপিডিএলের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন।

চট্টগ্রাম কলেজ ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সদস্যসচিব সোহাইল উদ দোজার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আজীবন সদস্য আলী মনসুর।

গেইট পুনর্নির্মাণের প্রেক্ষিত আলোচনা করেন কলেজের সাবেক ছাত্র অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সংগঠক জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, ব্যাংকার কায়েস চৌধুরী, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী, ইউসুফ শিকদার, রিজওয়ানুর রহমান খান, মো. ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, প্রফেসর হামিদুল হোসেন সিদ্দিকী, দাউদ আবদুল্লাহ হারুন, আফতাব রহিম চৌধুরী, ইয়াকুব আলী, সৈয়দা তাহমিনা আকতার, ইকবাল আহমেদ, রুবিনা ইয়াসমিন, আসাদুজ্জামান শাহ, ওয়াহিদ ফয়সাল, খায়রুন্নেসা ফাহিমা, কালাম ফেরদৌসী ও মো. নাজিম উদ্দিন।

বক্তারা কলেজের ঐতিহ্য সংরক্ষণে সাবেক শিক্ষার্থীসহ সব দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় জানানো হয়, কলেজের সাবেক ছাত্র ও ডেভেলপার প্রতিষ্ঠান সিপিডিএলের স্বত্বাধিকারী নিজ উদ্যোগে এই ঐতিহ্যবাহী গেইটটি পুনর্নির্মাণ সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তা’ গেইটের নকশাকার প্রফেসর সবিহ্ উল আলমের মূল নকশা অনুসরণেই হবে। চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের জন্য কলেজ রেড বিল্ডিংয়ে অফিস বরাদ্দকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও ছাত্রী প্রয়াত প্রফেসর রওশন আক্তার হানিফ স্মরণে এই গেইট নির্মাণ করার ব্যাপারে বক্তারা অভিমত ব্যক্ত করেন।