চট্টগ্রাম : রাঙ্গামাটিতে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জেলার দুর্গম জনপদে চিকিৎসাসেবা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে ডেঙ্গু পরীক্ষার কীট হস্তান্তর করা হয়।
আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক অ্যাড. মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ জিতি, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুই হ্লা অং মারমা, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীপন তালুকদার দিপু বলেন, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধের পাশাপাশি জেলার দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সঠিক সময়ে দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে একটু সেবা দিতে পারলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।


