ব্যবসা সহজ করতে কাস্টমসের জটিলতা দূর করার আহ্বান চেম্বার সভাপতির

চট্টগ্রাম: সরকার ট্রেড ফ্যাসিলেশনের জন্য কাজ করলেও ব্যবসায়ীরা কাস্টমস সংক্রান্ত বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

চেম্বার সভাপতি কাস্টমস সংক্রান্ত জটিলতা নিরসন এবং চট্টগ্রাম বিমানবন্দর রাত ১০টার পরেও যেন বন্ধ হয়ে না যায় সেজন্য অর্থমন্ত্রীকে বিমানবন্দরকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি সরকারের ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তরে ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদের প্রতি সম্মান জানিয়ে বলেন, এ অনুষ্ঠানের সভাপতি আমি নই। চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ আজ সভাপতিত্ব করবেন।

কারণ আজকের প্রধান অতিথি ও তিনি মিলে এ মেলার সূচনা করেছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান।

চেম্বারের সাবেক সভাপতির প্রতি সম্মান জানিয়ে নিজের সভাপতির চেয়ার ছেড়ে দেওয়ার ঘটনাকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, ব্যবসায়ী সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অগ্রজদের সম্মান জানানোর যে সংস্কৃতি রয়েছে, তা রাজনৈতিক অঙ্গনেও চর্চা হওয়া উচিত। এতে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতারা যথাযথ সম্মান ও মর্যাদা পাবেন।

বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন এবং মেলা কমিটির চেয়ারম্যান এসএম সাইফুল আলম।

এ সময় চেম্বারের সাবেক সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী,পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির (ছুট্টু), আবু হায়দার চৌধুরী (আমজাদ), ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ হাবিবুর রহমান, ক্যাপ্টেন মো. আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম, মোহাম্মদ শফিউল আলম (বাদশা) ও মো. সেলিম নুরসহ চেম্বারের সাবেক সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সাবেক পরিচালকবৃন্দ এবং সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ, কূটনৈতিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা পলোগ্রাউন্ডে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এবার জনপ্রতি প্রবেশ টিকিট ৩০ টাকা।