চট্টগ্রাম: জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নান্দনিক চট্টগ্রাম মানে শুধু সুন্দর রাস্তাঘাট কিংবা আধুনিক বিপণী বিতান নির্মাণ নয়, নান্দনিকতা মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে চলাচলের পরিবেশ তৈরি করা এবং নাগরিকদের মধ্যে আস্থা গড়ে তোলা। শুধু সরকারি সংস্থার উদ্যোগে একটি শহরকে নান্দনিক করা সম্ভব নয়।
শনিবার (২১ নভেম্বর) সকালে নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সহযোগিতায় জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
শুরুতে বাস টার্মিনাল এলাকায় ঝাড়ু ও বেলচা দিয়ে ময়লা পরিস্কার ও নালায় ফগার মেশিন দিয়ে ডেঙ্গু মশা নিধনের ওষুধ ছিটিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এরপর নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বাস টার্মিনাল এলাকা থেকে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পুবাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন হোসাইনের সঞ্চালনায় কর্মসূচিতে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও চট্টগ্রাম আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা বক্তব্য দেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, বিআরটিএ’র সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মুসলিম হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জাফর আহমদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা কর্মসূচিতে অংশ নেন।
এসময় জেলা প্রশাসক বলেন, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল থেকে প্রতিদিন ৯০০টির বেশি বাস দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এ টার্মিনাল ব্যবহার করেন। বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের এ গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রায় ৩০ বছর আগে এ বাস টার্মিনালের যাত্রা শুরু হয়েছিল। এত বছরে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা কতটুকু উন্নতি করতে পেরেছি, সেটি ভাবতে হবে। শুধু জেলা প্রশাসন, সিটি করপোরেশন কিংবা সিডিএ’র দিকে তাকিয়ে থাকলে হবে না। পরিবহন মালিক, শ্রমিক, চালক, সহকারী ও যাত্রী-সবাইকে দায়িত্ব নিতে হবে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, লাইসেন্সবিহীন কাউকে গাড়ি চালাতে দেবেন না। শারীরিক বা মানসিকভাবে অসুস্থ চালকের হাতেও গাড়ি তুলে দেবেন না। চালক আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়েছেন কি না, তাঁর কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না, সেসব বিষয়ও মালিকদের খেয়াল রাখতে হবে।
নতুন রুটে চালক পাঠানোর আগে সংশ্লিষ্ট সড়ক সম্পর্কে তাঁর অভিজ্ঞতা রয়েছে কি না, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যাত্রীর অনুরোধে চালক হঠাৎ রাস্তায় গাড়ি থামিয়ে দিলে পেছনের গাড়ির চালক অনেক সময় পরিস্থিতি বুঝতে পারেন না। এতে দুর্ঘটনা ঘটে। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো বন্ধ হলে যাত্রীরাও টার্মিনাল কিংবা নির্ধারিত স্থানে আসতে অভ্যস্ত হবেন’।
তিনি বলেন, গত জুলাই থেকে সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন সরকারি দপ্তর, সেগুলোর প্রাঙ্গণ ও ছাদ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। এর ধারাবাহিকতায় জিয়া সিটি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্র সৈকত, খেজুরতলী সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান এবং হোটেল-রেস্তোরাঁয় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। গত সপ্তাহে চট্টগ্রাম রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযানের পর এবার বহদ্দারহাট বাস টার্মিনালে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
টার্মিনালের পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, পরিবহন মালিক ও শ্রমিকেরা পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখলে সিটি করপোরেশন ও সিডিএ’র সঙ্গে সমন্বয় করে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেবে।
এসময় চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে বলেন, নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় আশপাশের সড়ক উঁচু করায় বহদ্দারহাট বাস টার্মিনাল নিচু হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়। জমে থাকা পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
এ সমস্যা সমাধানে টার্মিনালের ভূমি আশপাশের সড়কের সমতলে উন্নীত করা, বিদ্যুৎ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে সিডিএর সঙ্গে সমন্বয়ের অনুরোধ জানান তিনি। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের সড়কে যানজট নিরসনে দোহাজারী ও কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর বসা অবৈধ বাজার উচ্ছেদ এবং বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই পরিবহন নেতা।
অনুষ্ঠানে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, দক্ষিণ ও উত্তর চট্টগ্রামমুখী প্রায় ২০ থেকে ২২টি রুটের যানবাহন এবং বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক এ টার্মিনাল ব্যবহার করেন। জলাবদ্ধতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাবে শ্রমিকদের পক্ষে এককভাবে টার্মিনালটি পরিচ্ছন্ন রাখা কঠিন।


