চট্টগ্রাম : গবেষণার পরিধি ও কার্যক্রম আরও সমৃদ্ধ না হলে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গবেষণাভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে।
দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর হেলাল বলেন, সরকারের অন্যতম পরিকল্পনা হচ্ছে গবেষণাভিত্তিক কার্যক্রম বৃদ্ধি করে দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প খাত এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন।
তিনি বলেন, যত অবকাঠামোগত উন্নয়নই হোক, যত ধরনের সুযোগ-সুবিধা আমরা বৃদ্ধি করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের গবেষণাধর্মী কাজগুলো আরও সমৃদ্ধ না হচ্ছে, সেগুলোর বিস্তৃতি না ঘটছে, এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য কিন্তু সফল হবে না।
চবিতে ছাত্রাবাস নির্মাণ প্রকল্পের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্প নিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কথা হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগের বিষয়ে তিনি বলেন, এনিয়ে প্রধানমন্ত্রীর পাশাপাশি রেলপথমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামীতে প্রথম ধাপে আসা নতুন লোকোমোটিভ ও ক্যারেজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ বরাদ্দের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিজের পারিবারিক ও আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে মীর হেলাল বলেন, তাঁর বাবা ও মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পরিবারের অনেক সদস্যও এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেকোনো প্রয়োজনে তিনি আন্তরিকভাবে পাশে থাকার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় সবসময় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং সমৃদ্ধির ব্যাপারে সার্বিক সহযোগিতা আমাকে করেছেন, ভবিষ্যতেও করবেন।
চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।


