চট্টগ্রাম : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করবে সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড।
এ কারখানায় ২ হাজার ২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ লক্ষ্যে আজ ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম ইপিজেডের সাবেক প্রতিষ্ঠান সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের জায়গায় নতুন কারখানাটি স্থাপন করা হবে। ২০২৪ সালের আগস্টে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর বেপজা নিয়ম অনুযায়ী এর যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনক্রমে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড এসব সম্পদ কিনে নেয়।
প্রতিষ্ঠানটি তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করবে। প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে উৎপাদন কার্যক্রম শুরুর জন্য নতুন করে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে।
কারখানাটিতে বছরে ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে হান্টিং স্যুট, টেকনিক্যাল ও ওয়াটারপ্রুফ পারফরম্যান্স আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ডেনিম ও ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, পাফার পারকা এবং ফার আউটওয়্যার।
এসব পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রধান বাজারগুলোতে রপ্তানি করা হবে।
চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিনিয়োগকারী প্রতিষ্ঠানটিকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বেপজার প্রতি আস্থা রাখার জন্য তিনি প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীদের বৈধ সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সহযোগী ও অংশীদারদের বেপজার অধীন অন্যান্য ইপিজেডেও বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান।
হ্যান জুনঝিয়াও চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিদ্যমান শিল্প অবকাঠামো ব্যবহার করে কার্যক্রম শুরু করতে কিছু সংস্কারকাজ করতে হবে। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে এসব কাজ শেষ করে উৎপাদন শুরু করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


