চট্টগ্রাম: যুক্তি, বাগ্মিতা ও মেধার লড়াইয়ে কর্ণফুলী বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের কৌশলগত অংশীদারত্বে অনুষ্ঠিত হয় উৎসবের চূড়ান্ত পর্ব। পরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক বলেন, যুক্তিবোধ ও মুক্তবুদ্ধির চর্চা তরুণ প্রজন্মকে গুজব, অপতথ্য এবং অন্ধ অনুকরণের সংস্কৃতি থেকে দূরে রাখে। বিতর্ক উৎসবে কর্ণফুলীর শিক্ষার্থীরা যে মেধা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তা একটি আলোকিত ও মেধাভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখায়।
এ ধরনের সৃজনশীল উদ্যোগের জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।
তিনি বলেন, উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে বিতর্ক উৎসব আয়োজন করা সম্ভব হয়েছে।
এ আয়োজনের মধ্য দিয়ে তৈরি হওয়া বিতার্কিকেরা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে কর্ণফুলীর সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য দেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান ও উৎসবের মডারেটর সাইফুদ্দীন মুন্না, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ইয়াসির সিলমী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা আকতার এবং প্রতিদ্বন্দ্বী দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
জানা জানায়, উৎসবের অংশ হিসেবে এর আগে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী ও প্রতিনিধি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী বিতর্কবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। পরে ২৪টি বিদ্যালয়ের অংশগ্রহণে নকআউট ও বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এসব পর্ব পেরিয়ে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনালে দুই দলের বিতার্কিকদের যুক্তি ও পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে প্রতিযোগিতা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারীন সুবাহ।


