পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

চট্টগ্রাম: দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে বাস্তবে রূপ নিয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ ঐতিহাসিক কার্যক্রম শুরু হয়।

এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হলো। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে।

বিএইআরএ চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রিঅ্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর থেকে তা সফলভাবে পরিচালিত হচ্ছে। ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুরের প্রথম ইউনিট স্টেজ-সি কার্যক্রমের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

এ পর্যায়ে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে বাষ্প উৎপাদন করা হয়। সেই উচ্চচাপের বাষ্পের শক্তিতে টারবাইন ঘোরে এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। বর্তমানে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থায় সরবরাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ যুক্ত করার অর্থ বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া নয়। এটি মূলত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড উৎপাদিত বিদ্যুৎ গ্রহণে কতটা সক্ষম, তা যাচাইয়ের গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হবে। তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

বিশেষজ্ঞদের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চাহিদা পূরণে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর পথে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।