পটিয়ার ধলঘাটে অটোরিকশা-মোটর রিকশার সংঘর্ষের পর আগুন

চট্টগ্রাম: পটিয়ায় সিএনজি অটোরিকশার ও মোটর রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধলঘাট প্রীতিলতা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বাংলানিউজকে জানান, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যান্ত্রিক ত্রুটির কারণে সিএনজি অটোরিকশায় আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চালকসহ দুইজন আহত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।তবে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।

পটিয়া ও বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে আহত ও দগ্ধের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।