চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। সংগঠনটির মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ১৪ নম্বর পুরানগড় ইউনিয়নে বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) পুরানগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর সদস্য ডা. ফারহানা চৌধুরী এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজীব জাফর চৌধুরী। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। জিয়াউর রহমান ফাউন্ডেশন সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে।
ভবিষ্যতেও দুর্গত মানুষের পাশে থেকে জেডআরএফ-এর এ ধরনের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


