চট্টগ্রাম, ১০ নভেম্বর ২০২৬: চট্টগ্রামের বাজারে সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজি ও ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দামে এর ইতিবাচক প্রভাব পড়েছে। তবে মাছ ও মাংসের দাম রয়েছে স্থিতিশীল।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউড়ি, বহদ্দারহাট ও চকবাজার কাঁচাবাজারের বিভিন্ন দোকান ঘুরে এ তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে। সরবরাহ আরও বাড়লে আগামী দিনগুলোতে দাম কমতে পারে বলে আশা করছেন তারা।
এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেটের মাধ্যমে আবারও দাম বাড়াতে না পারে, সে জন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে শীতকালীন সবজির মধ্যে প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৬০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, শিম ২০০ থেকে ২৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৫৫ টাকা এবং ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা, দেশি গাজর ১২০ টাকা, চায়নিজ গাজর ১০০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা এবং করলা ও বরবটি ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি ছিল।
অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি আলু ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ৩৫ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, চাল কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং লেবু ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। শাকের মধ্যে কচু শাক ও পুঁই শাকের আঁটি ৪০ টাকা এবং কুমড়া শাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৬০ থেকে ১৭০ টাকা, লেয়ার ২৮০ থেকে ৩০০ টাকা, সোনালি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও মহিষের মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৯৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। খামারের মুরগির ডিম প্রতি ডজন ১৩৫ টাকা এবং হাঁসের ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে প্রতি কেজি বাগদা চিংড়ি ৯০০ টাকা, গলদা চিংড়ি ৮৫০ টাকা এবং ছোট চিংড়ি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় রুই মাছ ৪০০ থেকে ৫০০ টাকা এবং কাতলা ৩৬০ থেকে ৪৫০ টাকা দরে পাওয়া যাচ্ছে।
এছাড়া কোরাল মাছ প্রতি কেজি ৭০০ থেকে ৯০০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, সিলভার কার্প ২৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, রূপচাঁদা ৮৫০ টাকা এবং টেংরা মাছ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
চকবাজারে বাজার করতে আসা কলেজ শিক্ষক সেলিম আজাদ বলেন, হাতেগোনা কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ সবজির দাম এখন ৪০ থেকে ৮০ টাকার মধ্যে নেমে এসেছে। আগে এসব সবজির দাম ৮০ থেকে ১০০ টাকারও বেশি ছিল। তিনি বলেন, ‘শীতকাল এগিয়ে আসায় মূলত সবজির দাম কমেছে। গত কয়েক মাস ধরে সবজির দাম অস্বাভাবিক বেশি ছিল।’
অটোরিকশাচালক মো. নুরুল জানান, গত রাতে কর্ণফুলী কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় কিছুটা কম দামে শাকসবজি কিনতে পেরেছেন।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম নাজের হোসাইন বলেন, ‘শীতকালীন সবজি বাজারে এসেছে আরও ১৫-২০ দিন আগে। কিন্তু ব্যবসায়ীদের সিন্ডিকেট দাম ধরে রেখে মুনাফা লুটেছে। এখন সরবরাহ আরও বাড়ায় দাম কমতে শুরু করেছে। দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।’


