পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প সেবা সম্পন্ন হয়েছে। ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ ফরিদুল আলম শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির চেয়ারম্যান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালারপোল সাংগঠনিক থানার নায়েবে আমির মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারপোল সাংগঠনিক থানার আমির এসএম নাছির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. ফরিদুল আলম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একজন চিকিৎসক হিসেবে তিনি পটিয়ার প্রতিটি জনপদে এ সেবা পৌঁছে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।
