সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনকারী কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকরা হল- গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মোহাম্মদ হাসান (২৭) এবং চাপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর ইউনিয়নের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুছ (৩০)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মাদক পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের পেয়ে অভিযান পরিচালনা করে ৮০ হাজার ইয়াবাসহ দু’জন মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।