বাংলাদেশের আকাশে গতকাল রবিবার কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং কাল মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। এর ফলে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। রবিবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এমতাবস্থায় আজ সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে।
কাল মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। উল্লেখ্য, সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপিত হলে এ সংক্রান্ত ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
