চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি চারতলা ভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের বৈদ্যুতিক লাইন ও প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভবনটিতে গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া অফিস ও ঢেমশা-সাতকানিয়া শাখার কার্যক্রম পরিচালিত হয়।
ব্যাংক সূত্রে জানা যায়, ঘটনার সময় ভবনটিতে কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীসহ অন্তত ১১ জন অবস্থান করছিলেন। গভীর রাতে ভবনের প্রধান ফটকে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মী অন্যদের সতর্ক করেন। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিচে নেমে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুন লাগিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান জানান, আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তাঁরা দ্রুত নিচে নেমে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে বুধবার সকালে সাতকানিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে বোতলজাতীয় দুটি বস্তু উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোতলে দাহ্য পদার্থ এনে তা ব্যবহার করে ভবনের প্রধান ফটকে আগুন দেওয়া হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, দুর্বৃত্তরা বোতলে পেট্রলজাতীয় দাহ্য পদার্থ এনে ব্যাংকের প্রধান ফটকে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এদিকে, জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত একটি আর্থিক প্রতিষ্ঠানের ভবনে গভীর রাতে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


