“আগামীর সঞ্চয় হোক এখন থেকেই” এই অঙ্গীকারের সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক চট্টগ্রামের লোহাগাড়া শাখার উদ্যোগে বিশেষ স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে আমিরাবাদ চেরী গ্রামার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের গুরুত্ব ও ভবিষ্যতের আর্থিক সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মঈন উদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও লোহাগাড়া শাখার ব্যবস্হাপক এ.এস.এম ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির লোহাগাড়া শাখার ম্যানেজার অপারেশন ছোটন কান্তি দত্ত, এক্সিকিউটিভ অফিসার মোজাহিদ হোসাইন এবং শিক্ষক মোহাম্মদ সায়েদ।
শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও চকলেট বিতরণ করা হয়। এছাড়া স্কুলের শিক্ষক, অভিভাবক, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা হলে তারা ভবিষ্যতে অর্থনৈতিকভাবে সচেতন নাগরিক হয়ে উঠবে। তারা আশা প্রকাশ করেন, সাউথইস্ট ব্যাংকের এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের আর্থিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
