লোহাগাড়ায় মোস্তাফিজুর রহমান কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে লোহাগাড়ায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াছ, অধ্যাপক আহমদ কবির, মোস্তাফা গ্রুপের লোহাগাড়া শাখার ম্যানেজার আবদুস সালাম, আজিজুল হক, লিগ্যাল এডভাইজার ইফতেখার হোসেন জুয়েল, এস.এম ইকবাল হোসেনের নেতৃতে স্কাউট দল ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর আলমগীর হোসেনের নেতৃত্বে কলেজ দল, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

উদ্বোধন শেষে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে তবে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পরিবেশ উপহার দেওয়া সম্ভব হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রকৃতিপ্রেমী হতে হবে। গাছ লাগানো শুধু দায়িত্ব নয়, এটি ইবাদতও।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস বলেন, আমরা শুধু গাছ লাগাচ্ছি না, এর সঠিক পরিচর্যারও ব্যবস্থা করেছি। শিক্ষার্থীরা নিয়মিত এসব গাছের যত্ন নেবে, যাতে ভবিষ্যতে এগুলো থেকে সবাই উপকৃত হতে পারে। বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় নিয়মিত গাছ লাগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।