লোহাগাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সদর বটতিল মোটরস্টেশনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি হোছাইন মেহেদীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক খলিল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক তাজ উদ্দিন, শিক্ষক মোহাম্মদ হোসেন, কবি সোলাইমান, শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব সরওয়ার আকতার, চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মাস্টার মুহাম্মদ ফারুক, ছাত্রনেতা সেলিম উদ্দিন, প্রমুখ

বক্তারা বলেন, একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত সময়ে বাস্তবায়নের দাবী জানান বক্তারা।

উপস্থিত ছিলেন- লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মুহাম্মদ মারুফ, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য এরশাদ হোছাইন, ডা: হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা মো. মহিউদ্দিন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ফাহিম শাহরিয়ার শাফাত, দৈনিক কালবেলা প্রতিনিধি মোহাম্মদ যায়েদ ও মিরদাদ হোসেনসহ মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।