একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, পশু–পাখি তাদের নিজস্ব দোষগুণ নিয়ে জন্মায়। শুধু মানুষকেই মানুষ হওয়ার জন্য বহু কষ্ট করতে হয়, নিরন্তর কাজ করতে হয়। ঠিকঠাকভাবে এসব কাজ করতে না পারলে মানুষের ঘরে জন্ম নিয়েও ঠিক মানুষ হওয়া যায় না। তিনি গতকাল বুধবার দুপুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার দাখিল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
এম এ মালেক বলেন, জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। অন্ধকার দূর করতে যেমন আলোর প্রয়োজন হয়, তেমনি মনের অন্ধকার দূর করতে জ্ঞানের প্রয়োজন। তাই বেশি বেশি করে পড়তে হবে, জানতে হবে। তা না হলে জ্ঞানের পরিধি বাড়বে না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, জীবনে অনেক সমস্যা, বাধাবিপত্তি আসবে। তারপরও কাজ করে যেতে হবে, লেগে থাকতে হবে। এগিয়ে যেতে হবে। তাহলেই জীবনে সাফল্য অর্জন করতে পারবে।
এম এ মালেক বলেন, জীবনে তিনজন মানুষ কোনোদিনই তোমাদের অকল্যাণ কামনা করবেন না। একজন তোমার বাবা, একজন তোমার মা এবং একজন তোমার শিক্ষক। এই তিনজনের যাবতীয় কর্মকাণ্ড, আদেশ নির্দেশ সবই তোমাদের কল্যাণে। তাই জীবনে এই তিনজনের অবাধ্য হয়ো না।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খানের সভাপতিত্বে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ–নাত পরিবেশনা এবং স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ ও সদস্য সচিব আল্লামা কাজী আব্দুল আলীম রেজভী। অনুষ্ঠানে ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি সামশুদ্দিন, জয়েন সেক্রেটারি জেনারেল সিরাজুল হক, এসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল এস এম গিয়াস উদ্দীন শাকের, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসার গভর্নিং বডির সদস্য মাহমুদ নেওয়াজ, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, সমাজ সেবক আর ইউ চৌধুরী শাহীন, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন আযহারী, মাওলানা মুহাম্মদ ওমাইর রেজভী, মাওলানা মুহাম্মদ আবুল হাছানাত, মাওলানা মুহাম্মদ হাফেজ আজিজুর রহমান, মাওলানা নঈমুল হক, আহসান হাবীব, মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
