বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন কৃষক দলের

জুলাই গণ–অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জেলা কৃষক দল। খায়রুল কবির প্রধান অতিথি হিসেবে বিভিন্ন স্থানে এসব চারারোপণ করেন। শহীদ তাহমিদ ও ইমন স্মরণে দুটি গাছের চারা রোপণ করতে দলীয় নেতাকর্মীকে নিয়ে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ক্যাম্পাসে যান তিনি। চারারোপণের সময়ই ভবনের তিনতলা থেকে কিছু ছাত্র একাধিকবার ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এতে বিএনপি ও কৃষক দলের নেতা–কর্মীরা ক্ষিপ্ত হয়ে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে খায়রুল কবির খোকন বলেন, ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি অরাজনৈতিক অবস্থান ধরে রেখেছে। মেধাবী শিক্ষার্থীরাই সেখানে পড়াশোনা করে। কিছু শিক্ষার্থীর দেওয়া ‘জয় বাংলা’ স্লোগান আমি নিজের কানে শুনিনি, পরে নেতাকর্মীরা জানিয়েছেন। এ ঘটনায় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া কলেজ কর্তৃপক্ষের উচিৎ হবে না। যাতে মেধাবী এসব শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হয়। তাদের বুঝিয়ে সতর্ক করে দিলে হবে।

কলেজের অধ্যক্ষ হেরেমউল্লাহ জানান, খায়রুল কবির খোকন কলেজে আসার পর কে বা কারা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়েছে এমন অভিযোগ করা হয় দলীয় নেতাকর্মীদের মুখ থেকে। এই অবস্থায় আমরা ৮/১০ জন শিক্ষার্থীর পাঠদান স্থগিত করতে তাদের পরিচয়পত্র জব্দ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আগামী শনিবার তাদের অভিভাবকদের ডাকা হয়েছে তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।