গাছের প্রতি অপার ভালোবাসা নিয়ে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেম গড়ি’ শিরোনামে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা
সোমবার (২৮ জুলাই) সকালে নগরীর লালদীঘি মাঠ প্রাঙ্গণে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫” এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়।
বৃক্ষমেলা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যসহ নার্সারী মালিকগন।
মেলায় ইউক্যালিপটাস ও আকাশমনি ছাড়া মিলবে সব ধরনের ফলদি, বনাজি ও ঔষধি গাছ। মেলা চলবে ১৫ দিন, আগামী ১১ আগস্ট পর্যন্ত। চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলায় সহযোগিতা করছে জেলা প্রশাসন।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, এবার লালদীঘির মাঠে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলায় ৬০টি স্টল অংশ নিচ্ছে। মেলায় পরিবেশের জন্য ক্ষতিকারক ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ থাকবে না। বাকি সব ধরনের ফলদি, বনাজি ও ঔষধি গাছ পাওয়া যাবে। মেলা চলবে ১১ আগস্ট পর্যন্ত।
লালদীঘি প্রাঙ্গণে দেখা যায়, মেলায় স্টল বসানোর কাজ চলছে। প্রায় প্রতিষ্ঠানই তাদের গাছগাছালি নিয়ে এসেছে। সেখানে বিভিন্ন বন্যপ্রাণীর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
মেলায় নানা জাতের ফুল ও ফলের গাছ, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির চারা বিক্রির জন্য আনা হয়েছে স্টলগুলোতে। বনজ, ফলদ, ঔষধি গাছ কিংবা ঘর সাজানোর অর্কিড ও সব ধরনের গাছ আছে এই মেলায়। ক্রেতারা আসছেন দেশি-বিদেশি ফুলের নানা জাত খুঁজে নিতে। ছোট-বড়, নারী-পুরুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীরা সবাই ঘুরতে আসছেন মেলায়। বৃক্ষমেলায় অনেক নার্সারি এবং বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে।
