‘গাছ না থাকলে পরিবেশ ধ্বংস হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্স ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের অন্যতম প্রধান কারণ বৃক্ষ কমে যাওয়া। তাই পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ক্লাইমেট অ্যাক্টিভিস্ট (জলবায়ুকর্মী) হিসেবে গড়ে উঠতে হবে।
বুধবার (২৩ জুলাই) নগরের কুলগাঁও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি (ওডিএমএস) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। এ বিষয়ে গড়ে তুলতে হবে সামাজিক সচেতনতা।
ওডিএমএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম আর চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শিক্ষা কর্মকর্তা রাশেদা আকতার, কুলগাঁও সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, কুলগাঁও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিপা বড়ুয়া এবং সংগঠক ও সমাজসেবক লায়ন মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠন ওডিএমএস জানায়, এ কর্মসূচির আওতায় চট্টগ্রামে বিভিন্ন প্রজাতির ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।
