দেশের স্থিতিশীলতা, অগ্রগতি ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ : শাহাজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ শাহ জাহান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচন থেকেই বাংলাদেশকে হিন্দুস্থানের করদ রাজ্য বানানোর ষড়যন্ত্র করে আসছে। গত সতেরো বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার জুলুম-শোষণ, লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে চরমভাবে পিছিয়ে দিয়েছে।

তিনি বলেন, এই ক্ষতি পুষিয়ে আনতে এবং দেশের স্থিতিশীলতা, অগ্রগতি ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে দেশপ্রেমিক ইসলামী শক্তির বিজয়ের জন্য পরিকল্পিতভাবে দুর্বার গতিতে কাজ করতে হবে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে লোহাগাড়ার কলাউজান ইউনিয়ন জামায়াতের উদ্যোগে্মিএকটি কমিউনিটি সেন্টারে প্রাক্তন দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আমীর ডা. ছিদ্দিক আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের ও অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. নোমান, সাবেক উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইদরিছ, জননেতা মাওলানা আরিফুর রশিদ, শাইখুত তরিকত মাওলানা গোলাম রসুল কমরী, অধ্যক্ষ মাওলানা মহসিনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।