চট্টগ্রাম: পটিয়ায় নির্মাণাধীন সেতুর পানির নিচে থাকা লোহার শিট পাইলের সঙ্গে ধাক্কা লেগে ২ হাজার মণ লবণবোঝাই একটি বোট ডুবে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার লবণ পানিতে তলিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে বোটটির এক পাশও।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের চানখালী খালের নাইখাইন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া বোটটির নাম ‘মায়ের দোয়া’। স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের পেকুয়া থেকে ২ হাজার মণ লবণের কাঁচামাল নিয়ে পটিয়ার ইন্দ্রপুলে যাচ্ছিল বোটটি।
কর্ণফুলী নদী হয়ে চানখালী খাল দিয়ে আসার পথে নাইখাইন সেতু এলাকায় পৌঁছালে নির্মাণাধীন সেতুর পানির নিচে থাকা লোহার শিট পাইলের সঙ্গে ধাক্কা লাগে। এতে বোটটি ডুবে যায়।মুহূর্তেই পানিতে তলিয়ে যায় বোটে থাকা সব লবণ।
লবণের মালিক নুরুল আবছার মনু বাংলানিউজকে বলেন, ২ হাজার মণ লবণের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। এক মুহূর্তেই সব লবণ পানিতে ডুবে গেছে। এ ছাড়া বোটটির এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি মেরামত করতে আরও ৪ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন হতে পারে।
লবণ ব্যবসায়ীরা জানান, নাইখাইন সেতু এলাকায় লবণবোঝাই বোটডুবির ঘটনা এবারই প্রথম নয়। পানির নিচে থাকা লোহার শিট পাইলের সঙ্গে ধাক্কা লেগে একই স্থানে আগেও একাধিক বোট দুর্ঘটনার শিকার হয়েছে। প্রায় ছয় মাস আগে কয়েক দিনের ব্যবধানে দুটি লবণবোঝাই বোট ডুবে যায়। এসব ঘটনায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়লেও কোনো ক্ষতিপূরণ পাননি।
বৃহস্পতিবারের দুর্ঘটনার কিছুক্ষণ আগেও আবদুল শুক্কুর নামে এক ব্যক্তির লবণবোঝাই বোট একই এলাকায় ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে কোনোমতে মেরামত করে সেটি ইন্দ্রপুলে নেওয়া হয়।
পটিয়া ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই ও অর্থ সম্পাদক হেলাল উদ্দীন বাংলানিউজকে বলেন, একই স্থানে বারবার বোট ডুবলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
তাঁরা বলেন, লবণের মৌসুম মাত্র শুরু হয়েছে। এরই মধ্যে বড় বড় লবণবোঝাই বোট আসতে শুরু করেছে। এভাবে দুর্ঘটনা ঘটতে থাকলে লবণ ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানে পড়বেন। নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
তবে এ বিষয়ে জানতে চাইলে নির্মাণাধীন সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েল অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী মো. আলাউদ্দীন বাংলানিউজকে বলেন, লবণবোঝাই বোট ডুবে যাওয়ার বিষয়টি তিনি জানেন না।
পাউবোর পটিয়ার উপবিভাগীয় সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন বলেন, বৃহস্পতিবার ডুবে যাওয়া বোটটি সেতুর শিট পাইলের সঙ্গে ধাক্কা লেগে ডুবেছে, বিষয়টি এমন নয়। সেতুর পাশে থাকা দুটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবেছে বলে তিনি দাবি করেন।

