চট্টগ্রাম: ডিসেম্বরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়ে ডিআইজি বলেন, র্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। কোনো অবস্থাতেই এলাকায় নতুন করে সন্ত্রাসীদের আস্তানা গড়ে তুলতে দেওয়া হবে না।
অপরাধীরা যাতে সেখানে আশ্রয় নিতে না পারে, সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।
জঙ্গল সলিমপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এলাকার মানুষ এখন শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তাদের দৈনন্দিন কর্মকাণ্ড ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে।
এরপরও কারও কোনো সমস্যা থাকলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। মানুষের যাতে কোনো ধরনের সমস্যা বা ক্ষতি না হয়, সেটিই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির সুযোগ রয়েছে। বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই। পরিস্থিতি আরও ভালো করতে পুলিশ কাজ করছে।
এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে ডিআইজি বলেন, সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে জনগণের স্বার্থ ও মানুষের কল্যাণকে প্রাধান্য দিতে হবে।
সড়ক নির্মাণের আগেই জঙ্গল সলিমপুরে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে ডিআইজি বলেন, প্রথমত, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণকাজ শেষ হলে মানুষের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং নগরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
এ সময় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিআইজি শামসুল হক।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


