চট্টগ্রাম: যারা বাইরে কাজ করেন, সড়ক ব্যবহার করেন, তাদের পরিবার আছে। তাই গাড়ি চালানোর জন্য চালকদের সতর্কভাবে, আইন-কানুন মেনে, গতিসীমা মেনে গাড়ি চালালে সবাই নিরাপদে বাসায় ফিরতে পারে।
কেউ যেন অল্প বয়সে স্বামী হারা না হন। কেউ যেন অল্পবয়সে পিতৃহারা না হন।
সেজন্য সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। চালকদের ধীরে, গতিসীমা মেনে গাড়ি চালানোর অনুরোধ জানাই।
নগরের সড়কে দায়িত্বরত অবস্থায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিহত পুলিশ কনস্টেবল আবদুল কুদ্দুস মজুমদারের স্ত্রী রাশেদা আখতার এভাবেই চালকদের প্রতি অনুরোধ জানালেন বুধবার (২৫ নভেম্বর) সড়ক নিরাপত্তায় সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে সচেতনতামূলক সভায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে সড়কে হতাহতদের স্মরণে বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্রাটেজিসের কারিগরি সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. লিয়াকত আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্রাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য দেন চসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন। বিআইজিআরএস চট্টগ্রামের ট্রান্সপোর্ট কোঅর্ডিনেটর সুতপা তাসনিমের সঞ্চালনায় সভায় চসিকের ২০ গাড়িচালককে সড়ক নিরাপত্তা নিশ্চিতে গতিসীমা মেনে গাড়ি চালানোর গুরুত্ব সম্পর্কেও অবহিত করা হয়।
মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, সড়ককে নিরাপদ করতে সিটি করপোরেশন, পুলিশ, গাড়ি চালক, পথচারী সবারই দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ কর্তব্য সঠিকভাবে পালন করলে সড়কে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।
তিনি গাড়ি চালকদের উদ্দেশে বলেন, শহরের মধ্যে পথচারী, সাইকেল আরোহৗদের নিরাপদ রাখতে গতিসীমা মেনে সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। সহকারীদের দিয়ে কোনো অবস্থাতেই গাড়ি চালানো যাবে না। অসুস্থ হলে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।
তিনি চালকদের সিটি করপোরেশন এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্দেশিত সর্বোচ্চ ৪০ কিমি গতি মেনে চলার আহ্বান জানান।
মো. লিয়াকত আলী বলেন, অনিয়ন্ত্রিত বা অতিরিক্ত গতি রোড ক্র্যাশের অন্যতম প্রধান কারণ। অতিরিক্তি গতিতে গাড়ি চালিয়ে দুই-চার মিনিট সময় বাঁচানোর চেয়ে নিরাপদে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ। চালকদের মুহূর্তের ভুলে একটি জীবন হারিয়ে যেতে পারে। আর একজন মানুষের মৃত্যু একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই রোড ক্র্যাশ প্রতিরোধে চালকদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। পাশাপাশি পথচারীসহ সড়ক ব্যবহারকারীদেরও ট্রাফিক আইন মেনে সড়ক ব্যবহার করতে হবে।
আমিনুল ইসলাম সুজন বলেন, রোড ক্র্যাশে শুধু সড়কে মানুষ মারা যায় না, পুরো পরিবারকেই এর ভুক্তভোগী হতে পায় / পারে। পরিসংখ্যানে দেখা যায়, রোড ক্র্যাশে মারা যায় বেশি অল্পবয়সী, তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী, যারা পরিবার ও সমাজে অনেকদিন ভূমিকা রাখতে পারত। তাই সড়কে মৃত্যু প্রতিরোধে সকল অংশীজনকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, সড়ককে নিরাপদ রাখতে চালকদের দায়িত্ব অপরিসীম। কিন্তু তারা যথাযথ বিশ্রাম নেওয়ার সুযোগ পান না। ফলে তারা অনেক সময় অসতর্ক হয়ে পড়েন, তখনই রোড ক্র্যাশ ঘটে যায়।
তিনি নিয়ম অনুসারে চালকদের বিশ্রামের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা করেন বিআইজিআরএসের এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, নিরাপদ সড়ক আন্দোলন চট্টগ্রাম জেলার সাবেক আহ্বায়ক সালমান শামীম, ডেভেলপমেন্ট উইমেন নেটওয়ার্কের সদস্যসচিব জান্নাতুল ফেরদৌস, ইপসার ড. মোরশেদ হাসান মোল্লা প্রমুখ।


