চট্টগ্রাম: বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম গতিশীল করা এবং দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ লাঘবে বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
এ লক্ষ্যে সল্টগোলা ক্রসিংয়ে আধুনিক গোলচত্বর ও সেতু নির্মাণ, বন্দরের পণ্যবাহী যানবাহনের জন্য পৃথক লেন স্থাপন এবং ভারী যানবাহন চলাচলকারী গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শনকালে এসব পরিকল্পনার কথা জানান চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা এবং মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সহযোগিতায় চট্টগ্রামের সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও যানজট নিরসনে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বন্দর এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। বিশেষ করে সল্টগোলা ক্রসিং, নিউমুরিং ও বন্দর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সল্টগোলা ক্রসিংয়ে একটি বড় গোলচত্বর ও প্রয়োজনীয় সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্দরের পণ্যবাহী ভারী যানবাহন চলাচলের জন্য পৃথক ডেডিকেটেড লেন নির্মাণ করা হবে।
এতে বন্দরের পণ্যবাহী যানবাহন ও সাধারণ যানবাহনের চলাচল পৃথক করা সম্ভব হবে। ফলে যানজট কমার পাশাপাশি বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমে গতি আসবে। সড়ক সম্প্রসারণ ও ডেডিকেটেড লেন নির্মাণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন প্রয়োজনীয় জায়গা ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।সংস্থাগুলোর সহযোগিতার মাধ্যমে বন্দর এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও দীর্ঘদিনের যানজট নিরসন সহজতর হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট ব্রিজ পর্যন্ত বন্দরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ সড়কসহ আগ্রাবাদ এক্সেস রোড ও আগ্রাবাদ পিসি রোডের উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন বন্দরের বিপুলসংখ্যক ভারী পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে বারবার সংস্কারের প্রয়োজন হয় এবং জনগণের দুর্ভোগ বাড়ে।
সড়ক নির্মাণে আধুনিক ডাক্ট সিস্টেম সংযোজনের পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, প্রস্তাবিত আরসিসি সড়কগুলোতে সমন্বিত ইউটিলিটি ডাক্ট সিস্টেম রাখা হবে। এর মাধ্যমে পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ও অন্যান্য সেবা সংস্থার লাইন পরিকল্পিতভাবে স্থাপন করা যাবে। ভবিষ্যতে এসব সংযোগের মেরামত, রক্ষণাবেক্ষণ কিংবা নতুন সংযোগ স্থাপনের জন্য বারবার সড়ক খননের প্রয়োজন হবে না। এতে সড়কের স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট যানজট, জনদুর্ভোগ ও সরকারি অর্থের অপচয় কমানো সম্ভব হবে।
প্রশাসক জানান, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রকল্পটিতে সড়ক নির্মাণের পাশাপাশি যানজট নিরসন, ভারী যানবাহনের সুশৃঙ্খল চলাচল এবং বিভিন্ন সেবা সংস্থার ইউটিলিটি ব্যবস্থাপনার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভব নয়। চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত পরিকল্পনার আওতায় কাজ করতে হবে। একটি সংস্থার উন্নয়ন কার্যক্রম যাতে অন্য সংস্থার কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বিচ্ছিন্নভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামকে একটি আধুনিক, ব্যবসাবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল) মাহমুদুল হোসেন খান, চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রমুখ।


