চট্টগ্রাম: নগরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিবন্ধনহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, একই সঙ্গে পরিবহন শ্রমিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
যাত্রী ও চালকদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতন করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মিলনায়তনে চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরের যানজট নিরসন, পে-পার্কিং ও পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা আমরা শুনেছি। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
পার্কিংয়ের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নগরের কোথায় কোথায় জায়গা খালি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবহন শ্রমিকদের অন্যান্য সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
নগর পরিচ্ছন্নতা রক্ষায় পরিবহন শ্রমিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, চট্টগ্রাম নগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ১ হাজার মেট্রিক টন বর্জ্য যথাযথভাবে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এসব বর্জ্যের একটি বড় অংশ নালা-নর্দমা ও খালে পড়ছে। বিশেষ করে পলিথিন, প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট যত্রতত্র ফেলার কারণে জলাবদ্ধতার সমস্যা প্রকট হচ্ছে। তাই গাড়ির চালকদের যাত্রীদের সচেতন করতে হবে, যাতে কেউ চলন্ত গাড়ি থেকে ময়লা-আবর্জনা বাইরে না ফেলেন। প্রতিটি গাড়িতে ময়লা রাখার ব্যবস্থা করে নির্দিষ্ট ডাস্টবিনে তা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।
চট্টগ্রামকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত নগর হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু সিটি করপোরেশনের একার পক্ষে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রীসহ নগরের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
যানজট নিরসনে পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, নগরের গুরুত্বপূর্ণ প্রায় ২২ থেকে ২৮টি পয়েন্টে আধুনিক এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে যানজট নিরসনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু ফয়েজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক শহিদুল ইসলাম ও মো. তোফাজ্জল হোসেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. কাজল ইসলাম, সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম আরজু, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম শাহীন, সহসাধারণ সম্পাদক মো. সোলাইমান সুমন ও মো. হাসান এবং দপ্তর সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।


