জামালখানে চসিকের উচ্ছেদ অভিযান, জব্দ ৮ মণ ফল ও সবজি

চট্টগ্রাম: নগরের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় ৩০ ধরনের ফল ও সবজিসহ প্রায় ৮ মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরের জামালখান সিঁড়ির গোড়া থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।

চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে প্রায় ৮ মণ ফল ও সবজি জব্দ করা হয়। পাশাপাশি একটি তিন চাকার ভ্যানগাড়িও জব্দ করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।

অভিযানে জব্দ করা ফলমূল ও সবজি নষ্ট না করে মানবিক উদ্যোগের অংশ হিসেবে কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়েছে।

নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিশেষ করে ব্যস্ত এলাকায় ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে অনেক সময় সড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।

চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।