উৎসবের আমেজে নতুন রূপে কক্সবাজার, তিন মাসজুড়ে থাকছে ১৫ জোন

চট্টগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৬ :  বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আয়োজন করা হচ্ছে তিন মাসব্যাপী বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভ্যাল’। আগামী ২২ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। দিন-রাত পর্যটকদের বিনোদন, আনন্দ ও ভ্রমণের নতুন অভিজ্ঞতা দিতে কার্নিভ্যালে থাকছে নানা আয়োজন।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টে সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কার্নিভ্যালের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন আদেশ, ১৯৭২-এর ২(ঙ) ধারা অনুযায়ী আয়োজিত এ অনুষ্ঠান বাস্তবায়নে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগী হিসেবে দায়িত্ব পেয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।

পর্যটকদের বিনোদন, জ্ঞানচর্চা ও অ্যাডভেঞ্চারের বিষয়টি বিবেচনায় রেখে কার্নিভ্যাল প্রাঙ্গণ সাজানো হচ্ছে ১৫টি বিশেষ জোনে। এগুলো হলো—ওয়েলনেস, এক্সপেরিয়েন্স, ক্যাম্পিং, ওপেন থিয়েটার, ওপেন লাইব্রেরি ও টেলিস্কোপ, মার্কেট, এক্সিবিশন, গেমিং, কিডস, ফুড, গো-কার্ট ও স্পোর্টস, অ্যাম্ফিথিয়েটার, স্যান্ড স্কাল্পচার, আর্ট এবং সি-ভিউ বারবিকিউ জোন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ওয়েলনেস জোনে থাকবে শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা। এক্সপেরিয়েন্স ও ক্যাম্পিং জোনে পর্যটকেরা পাবেন নতুন অভিজ্ঞতার পাশাপাশি সমুদ্রের সান্নিধ্যে রাতযাপনের সুযোগ। ওপেন থিয়েটারে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। উন্মুক্ত লাইব্রেরিতে বই পড়ার পাশাপাশি টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগও থাকবে।

স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্য কেনাকাটার জন্য থাকবে মার্কেট জোন। বিভিন্ন শিল্পকর্ম ও পর্যটনসংশ্লিষ্ট বিষয় নিয়ে আয়োজন করা হবে প্রদর্শনী। শিশুদের বিনোদনের জন্য থাকছে আলাদা কিডস জোন। ফুড জোনে দেশি-বিদেশি নানা পদের খাবারের পাশাপাশি পাওয়া যাবে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবার।

এ ছাড়া গো-কার্টিং, বিচ স্পোর্টস, দেশীয় ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাংস্কৃতিক আয়োজন, দেশি-বিদেশি শিল্পীদের বালুশিল্প প্রদর্শনী এবং খ্যাতনামা চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। সমুদ্রসৈকতের মনোরম পরিবেশে লাইভ বারবিকিউ আয়োজনও পর্যটকদের বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হবে।

হোটেল শৈবালের অভ্যন্তরে অবস্থিত পুকুরের চারপাশেও থাকবে দৃষ্টিনন্দন সাজসজ্জা ও বিনোদনমূলক নানা আয়োজন।

আয়োজকদের প্রত্যাশা, এ কার্নিভ্যালের মাধ্যমে কক্সবাজারে পর্যটকদের অবস্থানের সময় বাড়বে। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর, কার্নিভ্যালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সওয়ার, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহসভাপতি এমআর মাহবুবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কার্নিভ্যাল সফল করতে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।