চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, প্রবেশপথ ও বিভিন্ন আয়োজনস্থল সাজানো হয়েছে নানা রঙের আলোকসজ্জা।
উৎসবকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।
আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ হীরকজয়ন্তী উৎসব উদযাপন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই আয়োজনকে সামনে রেখে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী, সবার মধ্যেই দেখা যাচ্ছে হীরকজয়ন্তী উদ্যাপনের উচ্ছ্বাস।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। ক্যাম্পাসের চাকসু ভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ, নারী হলপাড়া, কলা অনুষদ ভবন, বুদ্ধিজীবী চত্বর, জিরোপয়েন্টসহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার কাজ চলমান।
ঘসে মেজে পরিচ্ছন্ন করা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় আঙ্গিনা।
আরও দেখা গেছে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জ্বলে উঠছে এই রঙিন বাতিগুলো। ঘুরে ঘুরে আলোয় আলোকিত ভবনগুলোর সৌন্দর্য উপভোগ করছেন শিক্ষার্থীরা। অনেকে বন্ধুদের সঙ্গে একসাথে ঘুরছেন। তুলছেন ছবি, করছেন ভিডিও। বানাচ্ছেন রিলস। বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম আপাতত এটি নিয়েই বেশি সরব।
চবির ২০২১-২২ সেশনের লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবরার হাসান বলেন এমন আয়োজন ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসবের অনুভূতি তৈরি করেছে। প্রতিটি হল, অনুষদ ও সড়ক চমৎকারভাবে সাজানো হয়েছে।
চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত সুলতানা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনন্য। এর সঙ্গে এমন দৃষ্টিনন্দন আলোকসজ্জা ক্যাম্পাসের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যার পর পুরো ক্যাম্পাসের পরিবেশটাই অন্যরকম লাগছে। বিষয়টি আমাদের জন্য সত্যিই আনন্দের ও স্মরণীয়।’
চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ৬০ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন বাস্তবায়নের কর্মসূচি নিয়েছি আমরা। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটবে। এই আয়োজনকে সফলভাবে সম্পন্ন ও বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।


