চট্টগ্রাম, ১২ নভেম্বর ২০২৬: আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। এ বিষয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ১১ হাজার ৬৬ জন শিক্ষার্থী।
আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।
বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণের নির্ধারিত সময় ছিল ১ থেকে ৭ নভেম্বর। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময় এক দিন বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়। বর্ধিত সময় শেষে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি।
এবারের পরীক্ষায় ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ইংরেজিতে ৩৪ হাজার ১৭৭ জন এবং আইসিটিতে ২৬ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী পাস করতে পারেননি। এ দুই বিষয়ে অকৃতকার্যের হার যথাক্রমে ৩৪.২৩ ও ২৬.৬৪ শতাংশ। ইংরেজির পর দ্বিতীয় সর্বোচ্চ আবেদন জমা পড়েছে আইসিটি বিষয়ে।
গত ৩০ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেন ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ১৬৬ জন। পাসের হার ৫২.০৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত ১৫ বছরের মধ্যে এবারই এই বোর্ডে পাসের হার সর্বনিম্ন।


