কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস জামায়াতের নেই: শফিকুর রহমান

চট্টগ্রাম: কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ”স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, সেই জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব’। তার এই অনুভূতির জন্য ধন্যবাদ। তবে এর আগে তিনি ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন। আমাকেও উদ্ধৃত করেছেন। বলেছেন,  ‘সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে’। আমিও একমত। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ভিনদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে।’ এই দলটি কে? তিনি একটু স্পষ্ট করুন।”

জামায়াত আমির বলেন, ‘যদি তিনি জামায়াতকে ইঙ্গিত করে থাকেন, তাহলে তাকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি, এর প্রমাণ উপস্থাপন করুন।’

তিনি বলেন, ‘এই ৩৫০ সদস্যের হাউজে আজ স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই। আমরা কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? আমরা একটি রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না।’