চট্টগ্রাম: নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলগুলোর ছাদে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান জানিয়ে চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, এর ফলে নিজস্ব বিদ্যুতের চাহিদা যেমন পূরণ হবে তেমনি নেট মিটারিংয়ের মাধ্যমে আর্থিকভাবে লাভবানও হওয়া যাবে। এর ফলে নির্দিষ্ট সময়ে মার্কেট বন্ধ রাখার কোনো বাধ্যবাধকতা থাকবে না।
সোমবার (৯ নভেম্বর) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে নগরের বিভিন্ন মার্কেট ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চেম্বার সভাপতি এ কথা বলেন। মতবিনিময় সভায় মার্কেট ও শপিংমলগুলোর বিভিন্ন ব্যবসায়িক সমস্যা তুলে ধরেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
একটি আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিরলস কাজ করছে জানিয়ে চেম্বার সভাপতি বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে তা সমাধানে চেম্বার কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।
ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনে তা দ্রুত সমাধানের প্রত্যয় ব্যক্ত করে চেম্বার সভাপতি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূরীকরণ এবং চট্টগ্রামের বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চেম্বার সবসময় ব্যবসায়ী সমাজের পাশে রয়েছে।
মার্কেট অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার সাথে আলোচনা করে তা স্থায়ীভাবে সমাধান করা হবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। তিনি ব্যবসায়ীদের প্রশাসনের ডিলিং লাইসেন্সের নামে হয়রানিরোধে এবং যত্রতত্র মেলার অনুমতি না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
পাশাপাশি আগের মতো প্যাকেজ ভ্যাট বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে কাজ করা হবে।
একই সাথে নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলগুলোর ছাদে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান জানিয়ে চেম্বার সভাপতি বলেন, এর ফলে নিজস্ব বিদ্যুতের চাহিদা যেমন পূরণ হবে তেমনি নেট মিটারিংয়ের মাধ্যমে আর্থিকভাবে লাভবানও হওয়া যাবে। এর ফলে নির্দিষ্ট সময়ে মার্কেট বন্ধ রাখার কোনো বাধ্যবাধকতা থাকবে না।
তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত, হকারমুক্ত ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী গড়ে তোলা সম্ভব।
সভায় বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, কোনো রূপ ট্যাক্স, ভ্যাট না দেওয়া হকারদের যত্রতত্র অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখলের কারণে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে যেমনি বিঘ্ন সৃষ্টি হচ্ছে তেমনি বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে হকারমুক্ত, ফুটপাত ও রাস্তাঘাট দখলমুক্ত, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য আগের মতো প্যাকেজ ভ্যাট ব্যবস্থা চালু, ডিলিং লাইসেন্স ও মোবাইল কোর্টের নামে প্রশাসনের হয়রানিরোধ ও যত্রতত্র মেলা আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সরকারি ছুটিগুলোতে এলাকাভিত্তিক মার্কেট বন্ধের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার লক্ষ্যে চেম্বার সভাপতির হস্তক্ষেপ কামনা করেন।
চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, চেম্বার ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে সব শ্রেণির ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো সমস্যা সমাধান করতে চেম্বার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এজন্য যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে চেম্বার ভবিষ্যতেও সবার জন্য কাজ করে যাবে।
সভায় চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এমএ ছালাম, চেম্বার পরিচালক মো. আফসার হাসান চৌধুরী (জসিম), আসাদ ইফতেখার, টেরিবাজার দোকান মালিক সমিতির সভাপতি এমএ মান্নান, ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির মনির হোসেন, তামাকুমণ্ডি লেইন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্য নজরুল ইসলাম মামুন, হোটেল রেস্তোঁরা মালিক কল্যাণ সমিতির সভাপতি ইলিয়াস আহম্মেদ ভূইয়া, আজম খান, পুলিশ প্লাজা দোকান মালিক সমিতির উপদেষ্টা মো. শামীম, ব্যবসায়ী মো. নুরুল আলমসহ বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।
এ সময় চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম, কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. সেলিম নুরসহ বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।


