পোস্টার লাগানোর বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বিনষ্ট করে অনুমোদনহীনভাবে যত্রতত্র পোস্টার লাগানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে বিভিন্ন কোচিং সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদন ছাড়া নগরের বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর অভিযোগে এ জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ উদ্যোগে ও দায়িত্বে অবৈধভাবে লাগানো পোস্টার অপসারণের অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয়।

চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, নগরের সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার লাগানোর প্রবণতা বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।