চট্টগ্রাম: রাঙ্গামাটি, ৮ নভেম্বর, ২০২৬ : জেলার কাপ্তাইয়ে হালদা নদী ও সংযুক্ত কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কাপ্তাই মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় (দ্বিতীয় পর্যায়) আজ রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মৎস্য পরিকল্পনা ও জরিপ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য বিভাগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য বিল্টু চাকমা, উপজেলা প্রাাণসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীতব্য উন্নয়ন প্রকল্পসমুহের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হালদা নদী ও এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদী দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্যসম্পদের আধার। এসব নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষা, মাছের অবাধ বিচরণ নিশ্চিত করা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নদীদূষণ, অবৈধ মাছ শিকারসহ মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় নদী ও মৎস্যসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং নদীর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


