বাঁশখালীতে ৫ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রাম: বাঁশখালী ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ১৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারগুলোর।

রোববার (৮ নভেম্বর) উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্ৰামে সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- আব্দুল আজিজ মাঝি, আব্দুস সাত্তার, আব্দুল নূর, মাওলানা মো. মহিউদ্দিন, মোহাম্মদ আক্তার।

ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল মাঝি জানান, আজ সকাল টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় পরিবারের অনেক সদস্য ঘুমিয়ে ছিলেন।আগুনের তাপে ঘুম ভেঙে গেলে দ্রুত বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। তবে অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।

গন্ডামারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওসমান গনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে সরকারি সহায়তা দেয়ার জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সরকারি সহযোগিতা দেওয়া  হবে।