চট্টগ্রাম: দিল্লি, পিন্ডি বা অন্য কোনো দেশ নয়, বাংলাদেশের স্বার্থই হতে হবে সব চিন্তা, পরিকল্পনা ও কর্মকাণ্ডের মূল ভিত্তি। জাতীয় ঐক্যের চেতনা ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, দেশপ্রেম, সাহসিকতা ও দায়িত্ববোধ থাকলে যেকোনো সংকট উত্তরণ সম্ভব।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হতে পারে। আমাদের পথচলার মূল প্রেরণা হতে হবে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সার্বভৌমত্ব।
দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কৃষি, রেমিট্যান্স ও তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির প্রধান তিন ভিত্তি। এসব খাতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ জিয়াউর রহমান।
বর্তমান সরকার দেশের অর্থনীতিকে বহুমাত্রিক ও গতিশীল করতে ফ্রিল্যান্সিং, তথ্যপ্রযুক্তি, বিশেষায়িত শিল্প এবং ক্রীড়াসহ সম্ভাবনাময় নতুন খাতকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে।
তিনি আরও বলেন, দেশের অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠীকে নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য সম্মানী নিশ্চিত করার মাধ্যমে অর্থনীতির মূলধারায় যুক্ত করতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।
এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।


