দাখিল পরীক্ষা- ২৬কে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টায় মাদ্রাসার হল রুমে এ সমাবেশ বসে।
সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মুহাম্মদ খালিদ জমীল। স্বাগত বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মুহাম্মদ আলম। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল খালেক, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, নূর খান ও সাতকানিয়া দেওদিঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, জমির উদ্দিন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওসমান গনি। সমাবেশ সঞ্চালনা করেন আরবী প্রভাষক মাওলানা রাশেদুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করতে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিয়মিত অধ্যয়ন, পাঠ পরিকল্পনা, সময়ের সঠিক ব্যবহার, শিক্ষকদের পরামর্শ মেনে চলা এবং সুশৃঙ্খল জীবনযাপন অত্যন্ত জরুরি
তারা আরও বলেন, দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ই পারে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে। এজন্য মাদ্রাসা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে।
