চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী বলেছেন, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ বিগত ১৬ বছর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ ছিল। তারা (আওয়ামী লীগ) জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা করে ঘরছাড়া করেছে। পাশাপাশি সাধারণ মানুষকে জিম্মি করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করার ফলে আওয়ামী লীগ থেকে এ আসনের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগের এ দুঃশাসনের জবাব দিতে আসন্ন সংসদ নির্বাচনে জনগণ জামায়াত মনোনীত আলহাজ শাহজাহান চৌধুরীকে বিজয়ী করবে ইনশাল্লাহ।
তিনি আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে জামায়াত নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
