চট্টগ্রামের উপজেলা পর্যায়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত সাত মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৬৩ জন। এর মধ্যে ৩০৯ জন জেলার ১৫টি উপজেলার এবং ২৫৪ জন নগরীর বাসিন্দা। অর্থাৎ, আক্রান্তের ৫৫ শতাংশই হচ্ছে উপজেলা পর্যায়ের।
প্রাপ্ত তথ্যমতে, জানুয়ারি মাসে ৭০ জন আক্রান্ত হন, যার মধ্যে ২৭ জন নগরীতে এবং ৪৩ জন উপজেলার বাসিন্দা। ফেব্রæয়ারিতে ২৮ জন আক্রান্ত হন। এর মধ্যে ১৩ জন নগর এবং ১৫ জন উপজেলা এলাকার। মার্চে ২২ জনের মধ্যে ১২ জন নগরীর এবং ১০ জন উপজেলার। এপ্রিলে ৩৩ জন আক্রান্তের মধ্যে ১৯ জন নগর এবং ১৪ জন উপজেলার। মে মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৬ জন, যার মধ্যে ৬০ জনই উপজেলার। জুন মাসে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে ১৭৬ জনে পৌঁছে, এর মধ্যে ১০৮ জন উপজেলা এবং ৬৮ জন নগরীর বাসিন্দা। চলতি জুলাই মাসের প্রথম ১১ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১৮ জন, যার মধ্যে ৫৯ জন নগর এবং ৫৯ জন উপজেলার।
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত বাঁশখালীতে। এ উপজেলায় আক্রান্ত হন ৯৪ জন। এরপর রয়েছে সীতাকুণ্ডে ৭১ জন, আনোয়ারায় ২৫ জন, সাতকানিয়ায় ২৪ জন, লোহাগাড়ায় ২১ জন, রাউজানে ১৩ জন, পটিয়ায় ১০ জন। এছাড়া মিরসরাই ও হাটহাজারীতে আটজন করে, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডে সাতজন করে, কর্ণফুলীতে ছয়জন এবং সন্দ্বীপে তিনজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩১৮ জন পুরুষ, ১৫৬ জন নারী এবং ৮৯ জন শিশু।
